এক কালেমায় রুটি-রোজগার, আরেক কালেমায় ফাঁসি;

 

এক কালেমায় রুটি-রোজগার, আরেক কালেমায় ফাঁসি;

মুফতি মালেকের কালেমা যেন রুটি-রোজগারের কালেমা। তিনি হয়তো ইসলামকে ব্যবহার করে নিজের জীবিকা নির্বাহ করতে পারেন কিংবা তাঁর অঙ্গনে কিছুসংখ্যক মানুষকে দ্বীনের শিক্ষা দিতে পারেন; দুনিয়াপন্থী রাজনৈতিক দলগুলোর দাবার হাতিয়ার হতে পারেন কিংবা সমাজে নিজেকে বড় দরবারী মোল্লা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন কিন্তু আমার দৃষ্টিতে তাঁর মতো ব্যক্তিদের মাধ্যমে কখনোই রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

কওমি অঙ্গনে মুফতি মালেক একজন বড় মাপের আলেম হতে পারেন। কিন্তু আমার কাছে তিনি বর্তমানে জালিমদের সাহায্যকারী ও মদদপুষ্ট একজন দরবারী মোল্লা ছাড়া আর কিছুই নন—এটাই আমার ব্যক্তিগত মূল্যায়ন।

প্রথমত, ২৪ জুলাইয়ের আন্দোলনের পর ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে পূর্ববর্তী ইমামকে—যিনি আওয়ামী লীগের মদদপুষ্ট ও দরবারি মোল্লা হিসেবে পরিচিত ছিলেন— ছাত্র জনতার তুপের মুখে সরে যেতে হয়। পরবর্তীতে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ছাত্র-জনতা ও জামায়াতের লবিংয়ের মাধ্যমে মুফতি মালেককে বায়তুল মোকাররমের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ।

কিছু কওমিপন্থী মানুষ ও তাবলিগের ভক্তদের কাছ থেকে তাঁর ব্যাপারে এমন ধারণা পেয়েছিলাম যে, তিনি একজন বড় মাপের আলেম এবং দ্বীনের বড় ধারক-বাহক। আমিও তাঁকে সমর্থন করেছিলাম। কারণ আমিও কওমিপন্থী ও তাবলিগপন্থী মুরব্বিদের সম্মান করতাম।

কিন্তু এখন আমার কাছে বিষয়টি মনে হচ্ছে—ছাত্র-জনতা ও জামায়াত যেন কালকেটে কুমির এনেছে।

গত ১৫ বছরে আওয়ামী লীগের জুলুমের বিরুদ্ধে তাঁকে প্রকাশ্যে কথা বলতে কোথাও দেখিনি। তাঁর কোনো উল্লেখযোগ্য বক্তব্য বা ভূমিকা তখন প্রকাশ্যে আসেনি। অথচ প্রতিটি যুগে ঈমানদার মানুষের অন্যতম বড় দায়িত্ব হলো—জামানার ক্ষমতাশালী জালিম শাসনব্যবস্থা, অন্যায়-অবিচার ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানো।

পরে শুনলাম, তিনি নাকি মিডিয়ার সামনে আসেন না। বিষয়টি প্রথমে আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, নির্বাচনের পূর্ববর্তী সময়ে তিনি পক্ষপাত দুষ্ট হয়ে একাধিক ফতোয়া ও বক্তব্য দিয়েছেন। সেগুলো দেখে আমার কাছে মনে হয়েছে, এগুলোর মধ্যে রাজনৈতিক ইঙ্গিত এবং নিজের অবস্থান পাকাপোক্ত করার প্রবণতা রয়েছে। 

তিনি জনগণের ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন এবং বিএনপির পক্ষে কৌশলে রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন।

আমার কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তাঁর বক্তব্যে মনে হয় জামায়াতের আকিদা খারাপ হলেও বিএনপির আকিদা যেন শতভাগ সঠিক! কারণ হয়তো তিনি মনে করছেন, বিএনপি ক্ষমতায় এলে তাদের তেল মারলে তিনি ইমাম হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে পারবেন। বিএনপি সরকার গঠনের পর শত শত সমাজে অন্যায় অপরাধ সংগঠিত হচ্ছে কিন্তু কখনো তাকে দেখলাম না সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলার মত সাহস দেখানো।

তাঁর বক্তব্যের সারকথা যদি এমন হয় যে জামায়াত ক্ষমতায় এলে ইসলামের ক্ষতি হবে এবং তারা কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, অথচ বিএনপির মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হবে—তাহলে এ ধরনের বক্তব্য নিঃসন্দেহে গভীর রাজনৈতিক প্রশ্ন তৈরি করে।

আমার দৃষ্টিতে, এই ধরনের আকিদাগত ফিতনা বাংলাদেশের ইসলামী সমাজের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। তাদের আকিদা, রাজনীতি ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। তাদের সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে একদল দরবারী মোল্লাকে ব্যবহার করে অন্য একটি ইসলামী দলকে ক্রমাগত আক্রমণ করা হলে এর ফল ভালো হয় না।

আমি অনেক সময় জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া বা বক্তব্যের বিষয়ে নীরব থাকি। কারণ প্রত্যেক ব্যক্তি বা গোষ্ঠী তাদের নিজ নিজ অবস্থান থেকে কথা বলে। কিন্তু যখন জাতীয় মসজিদের ইমামের মতো গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা কোনো ব্যক্তি একটি রাজনৈতিক দলকে আকিদাগতভাবে আক্রমণ করে এবং তা সমাজে ব্যাপক বিভাজন তৈরি করে, তখন বিষয়টি আর ব্যক্তিগত মতের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি জাতীয় পর্যায়ের ফিতনায় রূপ নিতে পারে। 

একজন সাধারণ আলেম জামায়াতের সমালোচনা করলে হয়তো বিষয়টি জামায়াতের ওপর তেমন প্রভাব ফেলবে না। কিন্তু জাতীয় মসজিদের একজন ইমাম যখন কোনো রাজনৈতিক দলকে আকিদাগতভাবে আক্রমণ করেন, তখন তাঁর বক্তব্যের প্রভাব সমাজের বহু মানুষের ওপর পড়ে। এর মাধ্যমে একটি দলের বিরুদ্ধে সামাজিক ও ধর্মীয় বিদ্বেষ তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

জামায়াতের আকিদা সঠিক কি না—এ নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ড ও মতাদর্শ নিয়ে বহু আলেম সমালোচনা করেছেন। কিন্তু এত সমালোচনার পরও তারা টিকে আছে। একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি, জুলুমের শিকার যে-ই হোক, আল্লাহ চাইলে তাকে জুলুম থেকে উদ্ধার করতে পারেন। এমনকি কোনো অমুসলিমও যদি জুলুমের শিকার হয়, আল্লাহ তাকে সাহায্য করতে সক্ষম।

কোনো ইসলামী দলকে রাজনৈতিক ফতোয়া ও আকিদাগত বিতর্কের মাধ্যমে আক্রমণ করে সমাজে ফিতনা-ফাসাদ তৈরি করা হলে তা শেষ পর্যন্ত পুরো জাতির জন্য দুর্ভাগ্য ডেকে আনতে পারে। সমাজে যখন মোল্লারা নিজেরা নিজেরা ফতোয়াবাজি এবং ফেতনা তৈরি করে তখনই জালিম সরকার জাতির উপর মহান আল্লাহ তায়ালা চাপিয়ে দেন যেটা আমি কখনোই চাই না। 

মুফতি মালেক তাঁর জ্ঞানের দিক থেকে বড় আলেম হতে পারেন। তাঁর লেখা বা পাঠ্যপুস্তক হয়তো অনেক মানুষ পড়তে পারেন। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি একাই হকের একমাত্র মালিক হয়ে গেছেন এবং বাকি সবাই বাতিল হয়ে গেছে।

ইসলামের ইতিহাসে বহু বড় বড় ইমাম ও আলেম এসেছেন। তাঁদের অনেকেই ফিকহ, মাসআলা-মাসায়েল ও বিভিন্ন মতভেদপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কিন্তু তাঁদের প্রত্যেকের মতবাদ সবাই গ্রহণ করেনি। কোনো একজন আলেমের বক্তব্যই ইসলামের সর্বশেষ কথা নয়।

সর্বশেষ কথা হলো—কুরআন ও সুন্নাহর ভিত্তিতে প্রত্যেক ব্যক্তি ও সংগঠনের হিসাব হবে। কোনো একক গোষ্ঠী সেই চূড়ান্ত হিসাব নির্ধারণ করবে না। কিয়ামতের দিন মহান আল্লাহই চূড়ান্ত ফয়সালা করবেন।

আমাদের কাজ হলো—

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِ

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ

এই কালেমার ভিত্তিতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা।

আজ মুসলমানদের দুর্বলতার অন্যতম কারণ হলো—অতিরিক্ত দলাদলি, গ্রুপিং এবং একে অপরকে হক-বাতিলের ফয়সালা দিয়ে দেওয়া। প্রত্যেক গোষ্ঠী নিজেদেরকে হকের একমাত্র প্রতিনিধি মনে করে এবং অন্যদের বাতিল ঘোষণা করতে গিয়ে নিজেরাই ফিতনা সৃষ্টি করে।

জামায়াত একটি বৃহৎ সংগঠন। তাদের মধ্যেও শত শত, হাজার হাজার আলেম, উলামা, জ্ঞানী ও উচ্চশিক্ষিত মানুষ রয়েছেন। তাদের রাজনৈতিক অবস্থান বা আকিদার সমালোচনা করা যেতে পারে। কিন্তু এটাও অস্বীকার করা যায় না যে, বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দলগুলো বহু সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে।

রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ হাসিলের জন্য কখনো কখনো আলেমদের একটি অংশকে নিজেদের প্রভাবের মধ্যে নিয়ে আসে এবং সেই অংশকে ব্যবহার করে অন্য ইসলামী দলকে আক্রমণ করে। এটিই রাজনৈতিক কৌশলের একটি পরিচিত রূপ।

যুগে যুগে কিছু আলেম জালিম শাসকদের মদদপুষ্ট হয়ে কাজ করেছেন। কেউ কেউ রুটি-রোজগারের জন্য নিজের নৈতিক অবস্থান পর্যন্ত বিসর্জন দিয়েছেন। অথচ তাঁরা নিজেদেরকে হকের পক্ষের মানুষ হিসেবেই মনে করেছেন।

আমার কথা খুব পরিষ্কার—

যতদিন ইসলামী দলগুলো নিজেদের মধ্যে বিভক্ত থাকবে, একে অপরকে আক্রমণ করবে এবং রাজনৈতিক স্বার্থে আলেমদের ব্যবহার করা হবে, ততদিন বাংলাদেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পথ কঠিনই থাকবে।

দুনিয়াভিত্তিক রাজনৈতিক দলগুলো ভালো করেই জানে—ইসলামী দলগুলোর মধ্যে ফাটল তৈরি করে রাখতে পারলে তারা কখনো শক্তিশালী হতে পারবে না এবং রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখাও কঠিন হবে।

আমার কাছে কার আকিদা কতটা ভালো—এটি গুরুত্বপূর্ণ হলেও তার চেয়েও বড় প্রশ্ন হলো, মুসলমানরা কি নিজেদের মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারছে?

কার আকিদা কতটা সঠিক—তার চূড়ান্ত ফয়সালা কিয়ামতের দিন মহান আল্লাহ করবেন।

কোনো মানুষ বা গোষ্ঠী পৃথিবীতে বসে সবার ঈমান-আকিদার চূড়ান্ত বিচারক হয়ে যেতে পারে না।

মানুষকে যদি কোনো একটি ভিত্তিতে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়, তাহলে সেটি হলো—

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ।

এই কালেমার মৌলিক অর্থ ও ইসলামের মৌলিক বিষয়গুলোর ওপর সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভিন্ন মাযহাব, ফিকহি মত ও শাখাগত বিষয়ে মতভেদ থাকতে পারে; কিন্তু মৌলিক ইসলামী বিশ্বাস ও উম্মাহর বৃহত্তর স্বার্থে ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি।

কোনো গোষ্ঠী বা গোত্র এককভাবে নিজেকে হকের একমাত্র মালিক দাবি করতে পারে না।

যারা মুসলিম সমাজ কিংবা ইসলামী সংগঠনগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য রাজনৈতিক ফতোয়া দেয় এবং একদলকে অন্য দলের বিরুদ্ধে ব্যবহার করে, তারা নিজেরাই ফিতনা সৃষ্টি করে। আর এই ফিতনার দায়ও একদিন তাদের বহন করতে হবে।

শেষে একটি গল্প বলি।

ছোটবেলায় আমরা পাঠার লড়াই দেখতাম। দুটি পাঠা শিং দিয়ে একে অপরকে ধাক্কা দিত, আর চারপাশের মানুষ দাঁড়িয়ে সেই লড়াই দেখে আনন্দ নিত।

আজ মুসলিম সমাজেও অনেকটা একই দৃশ্য দেখা যায়। কেউ আকিদার নামে, কেউ দলীয় মতের নামে, কেউ রাজনৈতিক স্বার্থে একে অপরের সঙ্গে শিংয়ে শিং লাগিয়ে লড়াই করছে।

আর তাদের এই লড়াই দেখে দুনিয়ালোভী রাজনৈতিক শক্তিগুলো নিজেদের স্বার্থ হাসিল করছে।

আমাদের উচিত একে অপরের বিরুদ্ধে শিংয়ে শিং লাগানো নয়; বরং কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সত্য, ন্যায় ও ইসলামের মৌলিক আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করা। লেখক : মোহাম্মাদ জনাব দিলোয়ার হোসেন পাঠা। 


Thanks For Comment we are reply soon as possible.

Previous Post Next Post