ক্ষমার করেছি
আমি ক্ষমা করেছি—
হে প্রভু, আমি ক্ষমা করেছি
তাদের সকলকেই,
যাদের নিঃশ্বাস আমার বক্ষে
শ্বাসরুদ্ধকারের মতো চেপে বসেছিল,
যাদের নিষ্ঠুর বাক্য
ছুরির ন্যায় বিদীর্ণ করেছিল আমার অন্তর।
আমি তাকেও ক্ষমা করেছি—
যে আমার অশ্রুতে খুঁজেছিলো আনন্দ,
যে আমার পতনের প্রার্থনায়
নিত্য রচনা করেছিল অশুভ মন্ত্র।
আমি তার জন্যও প্রার্থনা করেছি,
হে করুণাময়,
যে আমার সমীপে কাঁটা বিছিয়ে
নিজে ফুলের বিছানায় বিশ্রাম নিয়েছিল।
যারা আমার শুভ কামনায়
বিষ ঢেলেছিল নীরবে,
যারা আমার আলোর প্রদীপে
নিভে যাওয়ার প্রলাপ বুনেছিল—
হে দয়াময়,
আমি তাদের সবার জন্যই
শান্তির দু’হাত বাড়িয়ে দিয়েছি।
যাদের বাক্যবাণে
আমার হৃদয় হয়েছে জর্জরিত,
যাদের উপহাসে
আমার আত্মমর্যাদা হয়েছে ক্ষতবিক্ষত—
তাদের প্রতিও
আমার মনে আজ কোনো অভিযোগ নেই,
আছে কেবল নীরব সহনশীলতার প্রশান্ত জল।
হে অনন্ত করুণার আধার,
আমি প্রতিশোধের আগুনে জ্বালাইনি কাউকে,
আমি আঘাতের বদলে
জ্বালিয়েছি ক্ষমার দীপশিখা।
যে আমায় ভেঙেছে বারবার,
আমি তার জন্যও চেয়েছি
অটুট কল্যাণ ও প্রশস্ত হৃদয়।
হে আমার রব,
এই ভগ্ন হৃদয়ের শিথিল গ্রন্থিগুলো
তোমার করুণ স্পর্শে
পুনরায় সংযুক্ত করে দাও।
আমার ক্ষতগুলোতে
তোমার রহমতের মলম লাগিয়ে দাও,
আমার অশ্রুকে
তোমার শান্তির সাগরে বিলীন করে দাও।
আমি ক্ষমা করেছি সবাইকে—
এখন তুমি ক্ষমা করো আমাকে,
আমার সমস্ত দুর্বলতা,
আমার সমস্ত নীরব ক্রন্দন।
এই ভাঙা হৃদয়খানি
তোমার আলোয় আবার জোড়া লাগিয়ে দাও,
হে দয়াময়, হে পরম করুণাময়।